কাশ্মীর ইস্যুতে সংবাদ প্রকাশ: আল জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যম বন্ধ করল পাকিস্তান
পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে চলমান বিক্ষোভ ও সহিংসতা নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে আল জাজিরা ইংলিশসহ একাধিক স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশাধিকার সীমিত বা বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার।
সোমবার (৩ আগস্ট) ভারতের গণমাধ্যম 'হিন্দুস্তান টাইমস'-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর কথিত অভিযান এবং চলমান সরকারবিরোধী বিক্ষোভের সংবাদ গুরুত্ব দিয়ে প্রচার করার কারণে মূলত বিভিন্ন ডিজিটাল সংবাদমাধ্যমের ওপর এই বিধিনিষেধ জারি করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী দাবি করেছেন, আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরাকেও পাকিস্তানে ব্লক করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাতারভিত্তিক এই গণমাধ্যমটির ‘একপেশে’ ও পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনের সমালোচনা করে বলে দাবি করা হয়। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, কাশ্মীর ইস্যুতে সমালোচনামূলক সংবাদ প্রকাশের পর থেকেই পাকিস্তানে ডিজিটাল সেন্সরশিপ আরও কঠোর করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (২ আগস্ট) পর্যন্ত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা আন্দোলন ও বিক্ষোভ অব্যাহত ছিল। এছাড়া রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিসহ দেশের অন্যান্য স্থানেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
বর্তমানে অঞ্চলটিতে আগামী ১০ আগস্ট পর্যন্ত ধাপে ধাপে সাংবিধানিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং গত জুন থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মতামত দিন