ইয়েমেনে বিমান হামলায় নিহত ৩০, সরকার-হুথিদের পাল্টাপাল্টি দোষারোপ
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের একটি বাজারে শুক্রবার সকালে বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি জানান, সকাল প্রায় ৭টায় আল-ওয়াজিয়া এলাকার আল-হাদরা বাজারে তিন দফা বিমান হামলা হয়েছে। তাঁর দাবি, সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে যুদ্ধবিমান উড্ডয়ন করে হামলা চালিয়ে সকাল ৮টার দিকে তাইজ ছেড়ে গেছে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।
হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-সাবাহি প্রথম দিকে অন্তত ২০ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার কথা জানিয়েছিলেন। পরে নিহতের সংখ্যা বেড়ে ৩০-এ দাঁড়ায়।
হামলার দায় নিয়ে সরকারি পক্ষ ভিন্ন কথা বলছে। তাইজে ইয়েমেন সরকারের অনুগত কর্তৃপক্ষ এ ঘটনার জন্য হুথিদের দায়ী করেছে। তাদের দাবি, ওই এলাকায় কোনো বিমান হামলাই হয়নি। তাইজ প্রদেশের সরকারি গণমাধ্যম দপ্তর ফেসবুক বিবৃতিতে ব্যস্ত বাজারে হামলা এবং হতাহতের কথা স্বীকার করেছে। তবে প্রকৃত হতাহতের সংখ্যা জানায়নি।
সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় ঘটনার পরপরই মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের কোনোটিই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এপি।
তাইজ প্রদেশের বেশির ভাগ এলাকা হুথিদের নিয়ন্ত্রণে। তবে সৌদি-সমর্থিত সরকার ও তার বাহিনীর অবস্থান যে প্রাদেশিক রাজধানীতে, সেটি হুথিদের অবরোধের মুখে রয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বাজারগুলোতে সাধারণত ক্রেতাদের ভিড় বাড়ে। হামলার সময় বাজারে কতজন মানুষ ছিলেন, তা স্পষ্ট নয়।
সেপ্টেম্বরে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে ইয়েমেনে লড়াই নতুন করে তীব্র হয়েছে। তাইজ এখন গৃহযুদ্ধের অন্যতম প্রধান সম্মুখ ফ্রন্টে পরিণত হয়েছে।
মতামত দিন