Views Bangladesh Logo

টার্বুল্যান্সে ৩০০ ফুট নিচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, আহত ১৪

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে ভয়াবহ টার্বুল্যান্সের কবলে পড়ে প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এ ঘটনায় অন্তত ১৪ জন যাত্রী ও কেবিন ক্রু আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) এআই২৩৭৯ ফ্লাইটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

বিমান সংস্থাটি জানায়, ফ্লাইটটি ফুকেট থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করার পর শুরুতে আবহাওয়া স্বাভাবিক ছিল। তবে মাঝপথে হঠাৎ প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে বিমানটি। এ সময় তীব্র টার্বুল্যান্সের কারণে বিমানটি কয়েক মুহূর্তের জন্য দ্রুত নিচের দিকে নেমে যায়।

বিমান চলাচলে সাধারণত এমন পরিস্থিতির আশঙ্কা থাকলে যাত্রীদের সিটবেল্ট বাঁধার নির্দেশ দেওয়া হয়। তবে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের কারণে পাইলট আগাম সতর্কবার্তা দেওয়ার সুযোগ পাননি বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

পাইলট দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিমানটি নিরাপদে পরিচালনা করেন। পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

অবতরণের আগেই পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষকে ঘটনার বিষয়ে জানিয়ে দেন। ফলে বিমান অবতরণের সময় চিকিৎসকদের একটি বিশেষ দল প্রস্তুত রাখা হয়েছিল। পরে আহত যাত্রী ও কেবিন ক্রু সদস্যদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।

এয়ার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে একজন কেবিন ক্রুর অবস্থা তুলনামূলক গুরুতর। তবে বেশির ভাগ যাত্রীই সামান্য আঘাত পেয়েছেন।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ