Views Bangladesh Logo

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, হংকংয়ে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের ইউ-টার্ন

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর নিরাপত্তার স্বার্থে ফিরে আসতে বাধ্য হয় হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং। সোমবার (১৬ জুন) এ ঘটনা ঘটে।

এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটি হংকংয়ে ফিরে আসে।

এ ঘটনাটি এমন এক সময় ঘটল যখন এর আগে লুফথানসার ফ্লাইট এলএইচ-৭৫২ ফ্রাঙ্কফুর্ট থেকে হায়দরাবাদ যাওয়ার পথে বোমা হামলার হুমকির মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয়। লুফথানসা আনুষ্ঠানিকভাবে অবতরণের অনুমতির অভাবকে দায়ী করলেও বিমানবন্দরের কর্মকর্তারা হুমকিকে ফিরে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে। বিমানটি নিরাপদে ফ্রাঙ্কফুর্টে অবতরণ করে।

এদিকে ১২ জুনের মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর তদন্তের মুখোমুখি হতে হয় এয়ার ইন্ডিয়াকে। ওই দিন আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়। এর ফলে বিমানটিতে থাকা ২৪১ জন যাত্রী ও ক্রু সদস্য প্রাণ হারান। এটি ভারতের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

এ দুর্ঘটনাকে কেন্দ্র করে পরিবার ও সাধারণ জনগণ এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা মান, রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া এবং পাইলট প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলছেন।

এদিকে সরকারের পক্ষ থেকে দুর্ঘটনাটি বিস্তারিতভাবে তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। এতে ডিজিসিএ, এএআইবি এর এবং স্বাধীন বিমান বিশেষজ্ঞরা থাকছেন। তারা এআই-১৭১ ফ্লাইটের দুর্ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করবেন বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ