আহমেদাবাদে বিমান দুর্ঘটনার তদন্ত আরম্ভ
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির ‘বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো’। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নায়ডু।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক প্রোটোকল অনুসারে তদন্ত কাজ চালানো হচ্ছে এবং সরকার ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করেছে। এই কমিটিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের রাখা হয়েছে, যারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় নির্ধারণ করবেন এবং বিমান পরিবহন খাতের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার সুপারিশ করবেন।
রামমোহন নায়ডু নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই দুর্ঘটনার তদন্ত করছে। একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, যাতে নিরাপত্তাবিষয়ক দিকগুলো গভীরভাবে খতিয়ে দেখা যায়।’
শুক্রবার সকালে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে নমুনা সংগ্রহের কাজ শুরু করে।
এদিকে ভারতের নিজস্ব তদন্তের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ দল এরই মধ্যে ভারতে রওনা হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে জানিয়েছেন, তার দেশ থেকেও একটি বিশেষজ্ঞ দল গুজরাটে পাঠানো হয়েছে তদন্তে সহায়তা করার জন্য।
এদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিভিল হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গে দেখাও করেন তিনি। দুর্ঘটনার কবলে পড়া ওই এয়ার ইন্ডিয়ার যাত্রীদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি বিশোয়াস কুমার রমেশের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে