সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিত্তিক বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া শনিবার (১১ এপ্রিল) থেকে ইউএই থেকে সীমিত পরিসরে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম শুরু করেছে।
সংস্থাটি জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শারজাহ, আবুধাবি এবং রাস আল খাইমাহ থেকে মোট ১৭টি দেশের ৪৯টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে। পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট বিঘ্নের পর ধাপে ধাপে কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে এয়ারলাইন্সটি। তাদের গন্তব্য তালিকায় মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ রয়েছে, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত।
যাত্রীদের জন্য সংস্থাটি আরও জানিয়েছে, পূর্বে যাদের ফ্লাইট বাতিল হয়েছিল তারা পুনরায় বুকিং করতে পারবেন। তবে এই সুবিধা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য, যারা আগে তারিখ পরিবর্তন বা রিফান্ড সুবিধা গ্রহণ করেননি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জানাবে এয়ারলাইন্সটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে