কেনিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে নিহত ৬
কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি আবাসিক ভবনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে কাইম্বু কাউন্টির কিনুঙ্গি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এর আগে বিমানটি দুপুর ২টা ১৭ মিনিটে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছিল। খবর এএফপির।
কাইম্বু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা বলেন, ‘আমরা পাইলটসহ চারজনকে হারিয়েছে। এছাড়া বিমানটি যে বাড়িতে আছড়ে পড়ে, সেখানে থাকা আরও দুজন নিহত হন।’
তিনি জানান, এ ঘটনায় আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা তাশা ওয়াঞ্জিরা বলেন, ‘মাঝ আকাশে থাকতে এয়ার অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এরপর এটি একটি ছোট আবাসিক এলাকায় গিয়ে বিধ্বস্ত হয়।’
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, দুর্ঘটনার পর জরুরি সেবাকর্মী ও কেনিয়া রেড ক্রসের সদস্যরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন।
এই দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে। এখনো পর্যন্ত বিমানটির অপারেটরের নাম কিংবা নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে