টিআরএনবির সেমিনার
প্রতি উপজেলায় এআই ট্রেনিং সেন্টার স্থাপনের ঘোষণা দিলেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী
প্রতি উপজেলায় এআই ট্রেনিং সেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আর আগামী বাজেটে টেলিযোগাযোগ খাতের জন্য বড় সুখবর দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে ‘টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ: কী ভাবছে সরকার’-এ শিরোনামে আয়োজিত সেমিনারে তারা এ ঘোষণা দেন। এটি আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি)।
অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, এআই প্রযুক্তির ব্যবহার বিস্তৃত করার বিষয়টিতে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এ জন্য উপজেলা পর্যায়ে সেন্টার করে তরুণদের এআই ও ফ্রিল্যান্সিং শেখানো হবে। সরকার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।
তিনি আরও বলেন, তার বিবেচনায় আরও ৫০০ থেকে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করলে টেলিটক আগামীতে গ্রামীণফোনকেও ছাড়িয়ে যাবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘ এবারের বাজেটে আমরা সব সমস্যা সমাধান করতে পারব না। তবে বড় সুখবর দিতে পারব বলে আশা করছি।’
একইসঙ্গে স্থানীয় ও বিদেশী উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করতে আমদানিতে ৫ বছর মেয়াদী পরিকল্পনা করে রোড ম্যাপও প্রকাশ করা হবে বলে জানান তিনি।
বিটিআরসির চেয়ারম্যান বলেন, গ্রাহকের স্বার্থ রক্ষা ও ব্যবসায় ভারসাম্য প্রতিষ্ঠায় ১৮০ ডিগ্রি ঘুরে নীতিমালা করা হচ্ছে। নতুন গাইড লাইনে কোনো অপারেটরের একাধিপত্য থাকবে না। মনোপলি ও ডুয়োপলির সুযোগ বন্ধ হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোবাইল অপারেটর রবির হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম। আলোচনায় অংশ নেন বিটিআরসির চেয়ারম্যান এমদাদ উল বারী, অ্যামটবের সাবেক মহাসচিব ও বর্তমানে ফরেন চেম্বারস অ্যান্ড কমার্সের প্রধান নির্বাহী টি আই এম নুরুল কবীর, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী। মোবাইল অপারেটরদের কর্মকর্তাদের বাইরে আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের এবং বুয়েটের অধ্যাপক লুৎফা আক্তার। অনুষ্ঠানে মোবাইল অপারেটর ছাড়া টেলিযোগাযোগ খাতের অন্যান্য স্তরের সেবাদাতা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা প্রতিনিধি কাউকে অংশ নিতে দেখা যায়নি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন টিআরএনবি সভাপতি সমীর কুমার দে।
মতামত দিন