ভুয়া স্ক্রিনশট বিতর্ক: ঢাবি শিক্ষার্থীকে শোকজ, তদন্তে দুই কমিটি
ঢাবি ক্যাম্পাসে চলমান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে জড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভুয়া ফেসবুক স্ক্রিনশট ছড়ানোর অভিযোগে সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফারুক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শাহবাগ থানার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের এবং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে থানার কাছে ছাত্রদলের কর্মীরা মারধর করেন বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করে। তারা ক্যাম্পাসে ‘গুপ্ত’ রাজনীতির প্রতিবাদ জানায়।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র এবং ইসলামী ছাত্রশিবিরের হল ইউনিটের সাবেক আইটি সম্পাদক। তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একটি অশ্লীল ফেসবুক পোস্ট ছড়িয়ে পরার পর উত্তেজনা বৃদ্ধি পায়।। তবে ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম 'রিউমর স্ক্যানার' নিশ্চিত করেছে যে, স্ক্রিনশটটি এআই ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।
ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রশাসন। আবাসিক শিক্ষক ড. মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে গঠিত এই কমিটির সদস্য সচিব জাওয়াদ ইবনে ফরিদ এবং সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর ড. মো. মোসাদ্দেক খান। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এছাড়া শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তদন্তে সহকারী প্রক্টর ড. শান্ত বড়ুয়ার নেতৃত্বে আরও একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে আবাসিক হলগুলোর ভেতরে দেয়ালে লেখা ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে। একইসাথে সবাইকে ধৈর্য ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। প্রশাসন সতর্ক করে বলেছে যে, বিষয়টি যথাযথ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে, তাই কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে