Views Bangladesh Logo

সাইবার হামলার শিকার এএফপি, বন্ধ কনটেন্ট আদান-প্রদান প্ল্যাটফর্ম

ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির (এজেন্সি ফ্রান্স-প্রেস) কনটেন্ট আদান-প্রদানের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাইবার হামলার শিকার হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে প্ল্যাটফর্মটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অভ্যন্তরীণ এক ইমেইলে কর্মীদের এ তথ্য জানায়। ইমেইলে বলা হয়, প্যারিসের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে এএফপি ফোরামে সাইবার হামলা শুরু হয়। প্ল্যাটফর্মটির মাধ্যমে গ্রাহকরা এএফপির বিভিন্ন সংবাদ, ছবি ও অন্যান্য কনটেন্ট দেখতে এবং ডাউনলোড করতে পারেন।

হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই সংস্থাটির প্রযুক্তি বিভাগ তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে বলে ইমেইলে জানানো হয়।

তবে প্ল্যাটফর্মটি বন্ধ থাকলেও গ্রাহকদের সেবা সচল রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এএফপি। হামলার প্রকৃতি ও কারণ অনুসন্ধানে বাইরের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত হামলার পেছনে কারা জড়িত, তা জানা যায়নি। হামলার উৎস ও উদ্দেশ্য শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

সাম্প্রতিক সময়ে ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার কোনোটি আর্থিক লাভের উদ্দেশ্যে সংঘবদ্ধ অপরাধী চক্র চালাচ্ছে, আবার কোনো কোনো ঘটনায় বিভিন্ন দেশে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যও সামনে এসেছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সংবাদ সংস্থাটির গুরুত্বপূর্ণ কনটেন্ট প্ল্যাটফর্মে হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ