পড়াশোনার মাঝপথেই আফগান মেডিকেল শিক্ষার্থীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ
পাকিস্তানে মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা আফগান শিক্ষার্থীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির চিকিৎসা শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (পিএমডিসি)। একই সঙ্গে পাকিস্তানের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে নতুন করে আফগান শিক্ষার্থী ভর্তি, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর ও মাইগ্রেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
পিএমডিসির এই সিদ্ধান্তে পাকিস্তানে পড়াশোনা করা আফগান শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে যারা কয়েক বছর ধরে মেডিকেল শিক্ষার মাঝপথে রয়েছেন, তাদের পড়াশোনা শেষ না করেই দেশে ফিরতে হতে পারে।
পাকিস্তানের সরকারি ও বেসরকারি উভয় ধরনের মেডিকেল ও ডেন্টাল প্রতিষ্ঠানের জন্যই এ নির্দেশ প্রযোজ্য। গত ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো এক চিঠিতে পিএমডিসি জানায়, পাকিস্তানে আগে থেকে ভর্তি থাকা আফগান নাগরিকদের আফগানিস্তানে ফিরে যেতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন, অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া এবং শিক্ষার্থীদের দেশে ফেরার ব্যবস্থা করতে বলা হয়েছে।
আফগান শিক্ষার্থীদের তথ্যও পিএমডিসির কাছে জমা দিতে বলা হয়েছে। যারা ইতিমধ্যে পড়াশোনা শেষ করেছেন, তাদের স্নাতক হওয়ার তথ্য এবং পাকিস্তান ছাড়ার বিষয়টিও নথিভুক্ত ও নিশ্চিত করতে বলা হয়েছে।
পড়াশোনার মাঝপথে অনিশ্চয়তা
পিএমডিসির নির্দেশের প্রভাব বিভিন্ন প্রতিষ্ঠানে পড়তে শুরু করেছে। লাহোরের কিং এডওয়ার্ড মেডিকেল ইউনিভার্সিটিতে ২২ জন আফগান নাগরিক এ নির্দেশের আওতায় পড়েছেন। তাঁদের মধ্যে ২০ জন এমবিবিএসের শিক্ষার্থী। তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও শেষ বর্ষে পড়ছেন। ছয়জন রয়েছেন শেষ বর্ষে। বাকি দুজন সম্প্রতি পড়াশোনা শেষ করেছেন।
ফলে কয়েক বছর ধরে পাকিস্তানে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করা শিক্ষার্থীদের কেউ কেউ ডিগ্রি শেষ করার আগেই পড়াশোনা বন্ধ করে দেশে ফিরতে বাধ্য হতে পারেন।
এর আগে চলতি মাসেই আফগানিস্তানের মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া ডিগ্রি পাকিস্তানে নিবন্ধন, লাইসেন্স বা পেশাগত কাজে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় পিএমডিসি। সংস্থাটি জানায়, আফগানিস্তানের মেডিকেল ও ডেন্টাল প্রতিষ্ঠানগুলো তাদের স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই।
এই দুই সিদ্ধান্তের ফলে পাকিস্তানে মেডিকেল শিক্ষায় যুক্ত আফগানদের ভর্তি, পড়াশোনা এবং ডিগ্রি অর্জনের পর পেশাগতভাবে কাজ করার ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কে টানাপোড়েন
পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনাপূর্ণ। ইসলামাবাদ বারবার অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ (টিটিপি) বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে তৎপরতা চালাচ্ছে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
দুই দেশের সীমান্তে উত্তেজনা ও গোলাগুলির ঘটনাও ঘটেছে। এর প্রভাব পাকিস্তানে থাকা আফগান নাগরিকদের জীবনযাপন, পড়াশোনা ও কাজের ওপরও পড়ছে।
এদিকে আফগান মেডিকেল শিক্ষার্থীদের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি পিএমডিসি। সংস্থাটি শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিগত নির্দেশনা ও জাতীয় নীতিগত সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে।
সূত্র: আরব নিউজ
মতামত দিন