Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে সভাপতিকে আটকের খবর ‘সম্পূর্ণ মিথ্যা’, দাবি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউডিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে মার্কিন কর্তৃপক্ষ আটক ও জিজ্ঞাসাবাদ করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে সংস্থাটি।

বুধবার (২৩ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক গণমাধ্যমের এসব তথ্যকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে এএফএ। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের দুজনকে আটকে রাখা, ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা এবং আন্তর্জাতিক চুক্তি সংক্রান্ত বিষয়ে তলব করার দাবিটি তারা সরাসরি নাকচ করে দিয়েছে।

এএফএ-এর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ছড়িয়ে পড়া প্রতিবেদনগুলো সম্পূর্ণ অসত্য। অন্যদিকে এই ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

তবে বিজ্ঞপ্তিতে এএফএ স্বীকার করেছে যে, সংস্থাটির সাথে যুক্ত তৃতীয় এক পক্ষকে সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, ওই ব্যক্তিকে গ্র্যান্ড জুরির সামনে হাজির হতে বলা হয়েছে এবং এএফএ কর্মকর্তাদেরসহ বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত নথিপত্র ও যোগাযোগের তথ্য জমা দিতে বলা হয়েছে।

এমন এক সময়ে এই জটিলতা তৈরি হলো, যখন আর্জেন্টিনাতেও অর্থ পাচার ও কর ফাঁকির পৃথক তদন্তের মুখোমুখি হচ্ছে ফুটবল ফেডারেশনটি। ২০১৭ সাল থেকে তাপিয়ার নেতৃত্বাধীন এই ফুটবল সংস্থাটি দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইয়ের প্রশাসনের সাথেও মতবিরোধে জড়িয়েছে, বিশেষ করে ফুটবল ক্লাবগুলোকে বেসরকারিকরণের বিষয়ে সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন এএফএ সভাপতি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ