Views Bangladesh Logo

এফবিআই তদন্তের খবরে মুখ খুলল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলের দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়াকে ঘিরে যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও আর্থিক অনিয়মের তদন্তের খবর প্রকাশের পর আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে এএফএ।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ে প্রথম দাবি করে, ৩০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের আন্তর্জাতিক স্পন্সরশিপ ও বাণিজ্যিক চুক্তির অর্থ লেনদেন নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) তদন্ত চালাচ্ছে। সেই তদন্তের অংশ হিসেবে বিশ্বকাপ শেষে নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) বিমানবন্দরে তাপিয়া ও এএফএর কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে প্রায় ৩০ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি তাপিয়ার মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

তবে এসব তথ্য প্রকাশের পরপরই আনুষ্ঠানিক বিবৃতি দেয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানায়, ক্লদিও তাপিয়া বা পাবলো তোভিগিনোকে যুক্তরাষ্ট্রের কোনো আদালত তলব করেনি, তাদের বিরুদ্ধে কোনো বিচারিক নির্দেশও দেওয়া হয়নি। তাদের মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস জব্দ করার দাবিও "সম্পূর্ণ মিথ্যা" বলে উল্লেখ করে এএফএ।

এএফএ অবশ্য স্বীকার করেছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার একটি গ্র্যান্ড জুরির সামনে হাজির হওয়ার জন্য তৃতীয় এক ব্যক্তিকে সমন দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে এএফএর কয়েকজন কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু নথি ও যোগাযোগের তথ্য জমা দিতে বলা হয়েছে। তবে তিনি এএফএর কোনো বর্তমান কর্মকর্তা নন এবং তার পরিচয়ও প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে এএফএর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি পরিচালনাকারী প্রতিষ্ঠান টুরপ্রডএন্টার এলএলসি। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ৩০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ স্থানান্তরের ক্ষেত্রে অর্থপাচার বা আর্থিক অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন মার্কিন তদন্তকারীরা। এজন্য ব্যাংকিং নথি, করপোরেট রেকর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তাপিয়া বা তোভিগিনোর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনেনি। এফবিআইও তদন্ত নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

ফলে এএফএর আর্থিক কার্যক্রম নিয়ে তদন্তের খবর আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিলেও, ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ বা বিচারিক পদক্ষেপের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে ফুটবল বিশ্ব।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ