গুলশানের একাধিক বাড়িতে মিলেছে এডিস মশার লার্ভা
ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে রাজধানীর গুলশান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় টাস্কফোর্স। অভিযানে পরিদর্শন করা ছয়টি বাড়ির মধ্যে তিনটিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়া একটি রেস্টুরেন্টে লার্ভা শনাক্ত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ডেঙ্গু নিয়ন্ত্রণে গঠিত জাতীয় টাস্কফোর্সের উদ্যোগে গুলশান ইয়ুথ ক্লাব মাঠ সংলগ্ন এলাকায় ‘মশক নিধন অভিযান’ পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অভিযানকালে গুলশানের ১০৭ নম্বর সড়কের একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের বিধানও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পরিদর্শন করা ছয়টি আবাসিক ভবনের মধ্যে তিনটিতে লার্ভা শনাক্ত হওয়ায় সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শুধুমাত্র ঢাকা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এই অভিযান শুরু হয়েছে। এটি টাস্কফোর্সের প্রথম কার্যক্রম।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার না করলে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব হবে না।
এদিকে অভিযানের অংশ হিসেবে মশার লার্ভা ধ্বংসে দীর্ঘমেয়াদি কার্যকারিতাসম্পন্ন ‘নোভা লিউরোন’ ট্যাবলেট বিতরণ ও প্রয়োগ করা হয়। সংশ্লিষ্টরা নাগরিকদের ফুলের টব, পুরোনো টায়ার, পরিত্যক্ত বালতি এবং অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানিয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসই সবচেয়ে কার্যকর উপায়। তাই সরকারি অভিযানের পাশাপাশি জনসচেতনতা ও নাগরিক অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।
মতামত দিন