বাতিলই থাকছে ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় বয়সের নিয়ম না মানার অভিযোগে ভর্তিকৃত প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
রবিবার (১৪ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন। এদিন শিক্ষার্থীদের পক্ষে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান এবং ভিকারুননিসার পক্ষে শুনানি করেন আইনজীবী রাফিউল ইসলাম।
এর আগে ৭ জুলাই বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন আপিল বিভাগ।
গত ২৭ জুন বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে বলে হাইকোর্টের দেয়া রায় প্রকাশ করা হয়। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের হাইকোর্ট বেঞ্চের দেয়া রায়ে বলা হয়, ‘১৫ দিনের মধ্যে ১৬৯ শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে সিরিয়াল অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করতে ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হলো।’
এছাড়া রায়ে আরও ভালো ভর্তি প্রক্রিয়া, জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে একটি অনুসন্ধান কমিটি করতে বলা হয়েছে। পরে এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন শিক্ষার্থীর অভিভাবকরা।
মতামত দিন