Views Bangladesh Logo

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য আইনে দুই লাখ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (৩১ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান চালায়।

অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্য কোনো ওয়ার্ডের রেফ্রিজারেটরে তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার পাওয়া যায়নি, শুধু চেম্বারগুলোতে মিটার ছিল। এছাড়া হাসপাতালের কিছু অংশে অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যপণ্যের ত্রুটিপূর্ণ লেবেলিংও ধরা পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।

এর আগে শনিবার বিকেলে হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের একটি ভবনে অবৈধ বেকারি কারখানা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা মারধরের সম্মুখীন হন।

গত বুধবার (২৭ মে) সকালে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একসঙ্গে ছয়টি শিশুর রহস্যজনক মৃত্যু হয়। দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এই মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সরকারের পক্ষ থেকে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি তদন্ত কমিটি আগামী ৩ জুনের মধ্যে তাদের চূড়ান্ত ও বিস্তারিত তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ