Views Bangladesh Logo

আগামী ৫ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতো কান্দা।

সোমবার (২৫ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমান বিনিময় হার অনুযায়ী, ৫ বিলিয়ন ডলারের এ অর্থের পরিমাণ প্রায় ৬১ হাজার ৩৭৫ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে এ অর্থায়ন দেওয়া হবে। এডিবির ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় এ সহায়তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

মাসাতো কান্দা বলেন, “বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ নতুন পর্যায়ে প্রবেশ করছে। এডিবি দেশটিকে স্থিতিশীলতা ধরে রাখতে, প্রবৃদ্ধির নতুন উৎস তৈরি করতে এবং আরও সহনশীল অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করবে।”

তার দুই দিনের ঢাকা সফরে সরকারের সঙ্গে চারটি প্রকল্পে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তিও সই হয়েছে। রোববার রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এসব চুক্তি স্বাক্ষর হয়।

এডিবি জানায়, পশ্চিম এশিয়ার সংঘাত ও বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দিতে অতিরিক্ত ২৫ কোটি ডলার সহায়তাও বাড়ানো হয়েছে। জ্বালানি তেল, এলএনজি, সার ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে, তা মোকাবিলায় এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংস্থাটি আরও জানিয়েছে, মধ্যমেয়াদে বাংলাদেশের জন্য তাদের বার্ষিক সার্বভৌম প্রতিশ্রুতির পরিমাণ ২ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া দেশের মধ্যমেয়াদি উন্নয়ন কাঠামো বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশকে ২০ লাখ ডলারের কারিগরি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে এডিবি।

সফরকালে মাসাতো কান্দা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন। সেখানে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, বৈদেশিক অর্থায়ন এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ