বিএনপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার রাজনীতির মাঠে নামছেন। জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী এই তারকা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সাক্ষাৎকার দিয়েছেন।
গত শুক্রবার বিকেলে বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকার শেষে চমককে উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায়।
এ বিষয়ে তিনি বলেন, তিনি দেশের জন্য, বিশেষ করে নারীদের জন্য কাজ করতে চান এবং সেই লক্ষ্যেই একটি প্ল্যাটফর্ম খুঁজছিলেন। তার মতে, বিএনপির সঙ্গে যুক্ত হলে পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।
তিনি আরও জানান, দলের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে এবং তিনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।
তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। একটি সূত্র জানিয়েছে, তার বিষয়ে দলীয় পর্যায়ে ইতিবাচক মনোভাব রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চমক লেখেন, “নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।”
এদিকে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কৌতূহল বাড়লেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে আরও কিছুদিন।
মতামত দিন