Views Bangladesh Logo

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক

রাজধানীর ধানমন্ডিতে মাসজিদ-উত-তাকওয়ায় আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে এবং ১০ থেকে ১৫ জনকে আটক করে।

সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক। তিনি বলেন, ‘যথাসময়ে মরদেহবাহী গাড়ি যাতে নির্বিঘ্নে যেতে পারে, আমরা সেই ব্যবস্থা করেছি। যারা বিশৃঙ্খলা করেছে তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। সংখ্যাটি এই মুহূর্তে বলতে পারছি না, যাচাই-বাছাই করে জানানো হবে।’

আটককৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তবে আটককৃতদের মধ্যে সাধারণ কেউ থাকলে তাকে ছেড়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, আজ বিকাল সাড়ে ৩টায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। আগামীকাল মঙ্গলবার ভোলায় তার গ্রামের বাড়িতে পরবর্তী জানাজা অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ