Views Bangladesh Logo

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির শিক্ষামন্ত্রী ইভেট বেরির পদত্যাগ

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির (এসিটি) শিক্ষামন্ত্রী ইভেট বেরি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। তার মন্ত্রণালয়ের দুই জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে "গুরুতর দুর্নীতিমূলক আচরণের" প্রমাণ পাওয়ার পর ইন্টেগ্রিটি কমিশন এই সিদ্ধান্ত জানায়।

রোববার (২৬ জুলাই) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এএসিটি ইন্টেগ্রিটি কমিশনের তদন্তে একটি স্কুল সংস্কার প্রকল্পে ১ কোটি ৮৮ লাখ অস্ট্রেলিয়ান ডলারের চুক্তি প্রদানের ক্ষেত্রে দুই জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার ‘গুরুতর দুর্নীতির’ প্রমাণ মেলে। তবে তদন্তে ইভেট বেরির বিরুদ্ধে ব্যক্তিগত কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, শিক্ষা অধিদপ্তরের সাবেক প্রধান ক্যাটি হেয়ার এবং বেরির সাবেক চিফ অব স্টাফ জশুয়া সেরামিদাস গোপনে নির্মাণ শ্রমিক ইউনিয়ন সিএফএমইইউকে টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সুযোগ করে দেন।

এক বিবৃতিতে বেরি বলেন, কমিশনের তদন্তে তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়া সত্ত্বেও তিনি নিজ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বিষয়টি অবহিত করেছেন এবং এখন থেকে ব্যাকবেঞ্চে বসে গিনিনডেরার মানুষের সেবা চালিয়ে যাবেন।

নিজের কর্মীদের বিষয়ে করা তদন্তের ফলাফলের 'পূর্ণ দায়িত্ব' নিচ্ছেন বলে জানান বেরি। প্রতিবেদনটিকে ঘিরে সংসদে যেন কোনো জনসমক্ষ তামাশা তৈরি না হয়, সে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সততা ও নৈতিক অবস্থান অক্ষুণ্ন রেখেই এই পদ ছাড়ছেন উল্লেখ করে তিনি আরও ন্যায়সংগত ক্যানবেরা গড়ার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। তিনি বলেন, 'আমি কখনো দায়িত্ব থেকে পিছু হটিনি, কঠিন পরিস্থিতিতেও নয়। আর এটি নিঃসন্দেহে কঠিন।'

এদিকে বেরির সাবেক চিফ অব স্টাফ জশুয়া সেরামিদাস আজই এক বিবৃতিতে কমিশনের তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি অভিযোগ করেন, প্রকাশিত প্রতিবেদনটি তাকে মূলত যা দেখানো হয়েছিল, তার থেকে ভিন্ন।

তিনি জানান, তদন্তের ফলাফল প্রত্যাখ্যান করছেন এবং পুরো তদন্ত প্রক্রিয়া নিয়ে কমিশনের আচরণ বাহ্যিক পর্যালোচনার প্রয়োজন বলে মনে করেন। প্রস্তাবিত প্রতিবেদনের ওপর তার মন্তব্যের ভিত্তিতে কোনো সংশোধনী আনা হয়েছিল কি না, গণমাধ্যমে প্রকাশের আগে সে বিষয়ে কমিশন তাকে কোনো তথ্য দিতে রাজি হয়নি বলেও অভিযোগ করেন সেরামিদাস। তিনি বলেন, প্রতিবেদনটি খতিয়ে দেখছেন এবং এই মুহূর্তে আর কোনো মন্তব্য করার অবস্থানে নেই।

সুত্র: এবিসি নিউজ


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ