দুদক ও বিচার বিভাগ হাসিনার দাসে পরিণত হয়েছিল: আইন উপদেষ্টা
আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, পূর্ববর্তী সরকারের শাসনামলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল।
সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকার কাকরাইলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন।
গত ১৬ বছরে সরকারি ও বেসরকারি খাতে দুর্নীতির উদাহরণ তুলে ধরে আসিফ নজরুল বলেন, দুদক এবং উচ্চ আদালত থাকা সত্ত্বেও ন্যায়বিচার নিশ্চিত হয়নি। তবে তিনি উল্লেখ করেন যে- খালেদা জিয়ার বিচার হয়েছিল।
উপদেষ্টা আরও বলেন, বিচারহীনতার কারণে সমাজে দুর্নীতি প্রতিষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে টিআইবি’র নির্বাহী পরিচালক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান দুর্নীতির বিরুদ্ধে দুদকের ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন বলেন, সৎ প্রজন্ম তৈরি করতে পারলে দুর্নীতিমুক্ত সমাজ গড়া সহজ হবে।
তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রচেষ্টা শুধুমাত্র সংশোধনী কার্যক্রমে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার দিকে মনোযোগী হওয়া উচিত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে