Views Bangladesh Logo

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তার বিরুদ্ধে ৬৬৫ কোটি ৬৪ লাখ ৩ হাজার ১৯০ টাকার সন্দেহজনক লেনদেন এবং ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

মো. আক্তার হোসেন বলেন, আনিসুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ হাতে পেয়ে গত ৭ অক্টোবর দুদক অনুসন্ধান শুরু করে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪- এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

তার বিরুদ্ধে করা এই মামলায় ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত জানা আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদ অর্জনের কথা বলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নিজের নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের বিষয়েও এজাহারে বলা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ