Views Bangladesh Logo

গণমাধ্যমকে সময়োপযোগী ভূমিকা পালনের আহ্বান আবুল কাসেম ফজলুল হকের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক বলেছেন, চিন্তার স্বাধীনতা আপেক্ষিক। শতভাগ স্বাধীনতা আশা করা কিংবা পাওয়া সম্ভব নয়, কোনো সরকারের পক্ষেই শতভাগ দেয়া সম্ভবও নয়। মানুষের স্বভাব নিয়ন্ত্রণেও চিন্তার স্বাধীনতা নিয়ন্ত্রণ কিছুটা প্রয়োজন। তবে ব্যাপকভাবে যতোটা পারা যায়, এ স্বাধীনতা দিতে হবে।

দেশের প্রথম রিয়েলটাইম বাইলিঙ্গুয়েল নিউজপোর্টাল ভিউজ বাংলাদেশের প্রথম বর্ষপূর্তির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে গণমাধ্যমকে দেশ-সমাজ-জাতি এবং বৈশ্বিক কল্যাণে সময়োপযোগী ভূমিকা রাখারও আহ্বান জানান আবুল কাসেম ফজলুল হক।

তিনি বলেন, এদেশে হাজারের ওপরে প্রচার মাধ্যম। কিন্তু সবাই সব সময় জনকল্যাণে কাজ করছে না। নিজেদের স্বার্থে কাজ করছে। বাণিজ্য রক্ষারও হাতিয়ার হয়ে উঠেছে গণমাধ্যমগুলো। এ সমস্যার সমাধান বা গণমাধ্যমগুলোর বৈপরীত্যের স্বভাবও মীমাংসা করতে হবে।

‘রাষ্ট্র বাদ দিয়ে বিশ্বায়নের ধারণা ভুল’ মন্তব্য করে দেশের গণমাধ্যমগুলোকে রাষ্ট্রের স্বার্থে গুরুত্ব দিয়ে বিশ্বায়নের পথে এগোতে বলেন এই প্রবীণ শিক্ষাবিদ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর অভিজাত হোটেল হলিডে ইন-এ বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে ভিউজ বাংলাদেশ।

বেলা সাড়ে ১১টায় সম্পাদক রাশেদ মেহেদী অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

নিউজ এডিটর মারিয়া সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, অর্থনীতিবিদ ও অধ্যাপক ড. এম এম আকাশ, গবেষক ও কলামিস্ট আফসান চৌধুরী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট মনজিল মোরশেদ, কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) থাইরয়েড বিভাগের প্রধান অধ্যাপক ড. এ কে এম ফজলুল বারি, বাংলা লিংকের অ্যাক্টিং সিইও তৈমুর রহমান, এক্সফার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুশফিক আনাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রোগ্রাম ম্যানেজার জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলার মঞ্জুরুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক ফাখরুল আরেফিন, সাহিত্যিক, বিশ্লেষক ও সাংবাদিক মহসীন হাবিব, কবি ও জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন এবং লেখক ও প্রতিবুদ্ধিজীবীর সম্পাদক সাদাত উল্লাহ খান।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ভিউজ বাংলাদেশের সহযোগী সম্পাদক গিরীশ গৈরিক এবং অভ্যর্থনা জানান প্রধান প্রতিবেদক হিরা তালুকদার।

২০২৩ সালের ২৮ ডিসেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনাড়ম্বর আয়োজনে যাত্রা শুরু করেছিল ভিউজ বাংলাদেশ।

গত এক বছরে সত্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও গতিশীল সংবাদ এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে ভিউজ বাংলাদেশ তিন মিলিয়ন পাঠকপ্রিয়তা অর্জন করেছে বলে জানিয়ে সম্পাদক রাশেদ মেহেদী বলেন, ‘আমাদের এই চেষ্টা ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে’।

‘সত্যিকারের গণমাধ্যমে গণমানুষের সত্যিকারের কথা তুলে ধরা চ্যালেঞ্জের এবং আমরা এ চ্যালেঞ্জে জয়ী হবো' বলেও মন্তব্য করেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে রাশেদ মেহেদী বলেন, ‘আমাদের লক্ষ্য, মানুষের অপ্রয়োজনীয় হাড়ির খবর নয়, বরং রুচিশীল গঠনমূলক মানসম্মত ও দেশ-জাতি-সমাজের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ নিউজ-ভিউজ প্রকাশ-প্রচার করে রুচিশীল ও মননশীল পাঠক গড়া’। সংবাদের গভীরে পৌঁছে সত্য তুলে আনার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও ছিলেন গবেষক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, এসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন, সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ লিয়াকত আলী, ফাইবার@ হোমের চেয়ারম্যান ময়নুল হক সিদ্দিকি, ভিসা থিংসের চেয়ারম্যান শরিফা আকতার, ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গকুল ভিকি, ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের হেড অব এক্সট্রানাল কমিনিকেশন রিকি সালমিনা, ডিবিসি টেলিভিশনের সম্পাদক লোটন একরাম, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, ইলিশ বিশেষজ্ঞ ড. মো. আনিছুর রহমান, ক্রীড়া বিশ্লেষক ইকরামউজ্জমান, কৃষিবিদ ও পরিবেশবিদ মৃত্যুঞ্জয় রায়, পাক্ষিক ক্রীড়া জগতের সম্পাদক দুলাল মাহমুদ, কথাসাহিত্যিক স্বকৃত নোমান, এটিএন নিউজের স্পোর্টস এডিটর পবিত্র কুমার কুন্ডু, অর্থনীতিবিষয়ক লেখক এম এ খালেক, গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ ও জনসংযোগ কর্মকর্তা অংকিত সুরেকা, রবির জনসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম, বাংলালিংকের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদ আহমেদ, কবি সুহিতা সুলতানা, কথাশিল্পী স্বকৃত নোমান ও কথাশিল্পী শামস সাঈদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ