অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর অতর্কিত হামলা, ডিম-জুতা নিক্ষেপ
ভারতের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার (৩০ মে) ভোট-পরবর্তী সহিংসতায় নিহত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে তাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রথমে কামালগাজি এলাকায় পৌঁছালে কিছু বিক্ষোভকারী নারী তাকে কালো পতাকা দেখান। পরে সোনারপুরে প্রবেশের সময় অভিষেকের বহর লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনাস্থলে উপস্থিত বিক্ষুব্ধ জনতা তাকে ‘চোর’ সম্বোধন করে স্লোগান দিতে থাকে। এলোপাথাড়ি চড়,থাপ্পড়, ঘুষি ও লাথি মারা হয় তাকে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে মাথায় হেলমেট পরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
এতকিছুর পরও অবশেষে নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে পৌঁছে যান অভিষেক। গত ৪ মে নির্বাচনে পরাজয়ের পর এটাই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশ্য কর্মসূচি। এর আগেই শনিবার নির্বাচন পরবর্তী সহিংসতায় আক্রান্ত ও নিহত তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে যাওয়ার কর্মসূচি হাতে নিয়েছিলেন অভিষেক।
প্রসঙ্গত, অভিষেক সোনারপুরে যাওয়ার আগেই এলাকার মহিলারা জুতা, ডিম, কালো পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে- এমন তথ্য ছিল পুলিশের কাছে। সেই তথ্য অভিষেককেও জানায় পুলিশ। এরপর সোনারপুরে ঢোকার মুখে নিজের কনভয় ছেড়ে মোটর বাইকে করে ওই এলাকায় ঢোকার সিদ্ধান্ত নেন অভিষেক। তবে, তার সেই কৌশল শেষ পর্যন্ত কাজে আসেনি। পড়ে যান জনরোষের মধ্যে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে