মায়ের অভাব পূরণ করছে প্লাশ খেলনা: ভাইরাল শিশু বানর পাঞ্চের গল্প
জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি ছোট্ট মাঙ্কুর (ম্যাকাক বানর) ভিডিও এখন নেট দুনিয়ার ভাইরাল। মাত্র ছয় মাস বয়সী এই বানরটির নাম পাঞ্চ। একটি স্টাফড ওরাংওউটান পুতুলকে পরম মমতায় আঁকড়ে ধরে রাখার দৃশ্যটি দেখে নেটিজেনদের চোখে জল চলে এসেছে।
২০২৫ সালের জুলাই মাসে পাঞ্চের জন্ম। কিন্তু জন্মের পরপরই এক বিষাদময় পরিস্থিতির মুখোমুখি হয় সে—তার জন্মদাত্রী মা তাকে পরিত্যাগ করে। প্রকৃতির নিয়মে যখন তার মায়ের কোল আগলে থাকার কথা, তখন সে হয়ে পড়ে একা। এই কঠিন সময়ে এগিয়ে আসেন চিড়িয়াখানার কর্মীরা। তারা তাকে পরম যত্নে 'হ্যান্ড-রিয়ারিং' বা নিজ হাতে লালন-পালন করতে শুরু করেন।
বানর শিশুরা সাধারণত জন্মের পর থেকেই মায়ের গায়ের সাথে লেপ্টে থাকে। মায়ের অনুপস্থিতিতে পাঞ্চ যেন মানসিকভাবে ভেঙে না পড়ে, সেজন্য কর্মীরা তাকে কিছু নরম কম্বল এবং প্লাশ খেলনা দেন। আশ্চর্যজনকভাবে, পাঞ্চ একটি ওরাংওউটান আকৃতির পুতুলকে বেছে নেয় এবং সেটিকে নিজের মায়ের বিকল্প হিসেবে গ্রহণ করে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাঞ্চ ঘুমানোর সময় খেলনাটিকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। মনে হয় খেলনাটি তাকে নিরাপত্তার অনুভূতি দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অন্য বানররা যখন তাকে বিরক্ত বা 'বকা' দেয়, তখন সে ভয় পেয়ে পুতুলটির পেছনে গিয়ে লুকায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে বিশ্বজুড়ে মানুষ পাঞ্চের জন্য ভালোবাসাময় প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ বলছেন এটি 'বছরের সেরা কিউট ভিডিও', আবার কেউ তার মাতৃত্বহীন শৈশব দেখে আবেগপ্রবণ হয়ে পড়ছেন। বর্তমানে পাঞ্চ কেবল একটি বানর নয়, বরং ইন্টারনেটের নতুন এক ‘স্টার’।
অন্যদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষও পাঞ্চের স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখছেন এবং ধীরে ধীরে তাকে অন্য ম্যাকাক বানরদের সাথে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণ দিচ্ছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে