পাঞ্জাবে আম আদমি পার্টির নেতাকে গুলি করে হত্যা
ভারতের পাঞ্জাবের মামদোট শহরে আম আদমি পার্টির (আপ) নেতা গুরুপ্রীত সিং গোপীকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। রবিবার (৩০ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এই হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গুরুপ্রীত গোপী ও হরপ্রীত নামের দুই ব্যক্তি মোটরসাইকেলে যাওয়ার সময় একটি গাড়িতে আসা হামলাকারীরা তাঁদের তাড়া করে হামলা চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আপ নেতা গোপী। একই সময় গোপীর অনুগামী ও বন্ধুদের বহনকারী অপর একটি গাড়িতেও দুর্বৃত্তরা গুলি চালায় বলে তদন্তকারীরা জানিয়েছেন।
এই হত্যাকাণ্ডের পেছনে পুরোনো শত্রুতা এবং নির্বাচন সংক্রান্ত বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ (এসএসপি) ভূপিন্দর সিং সিধু বলেন, ‘দুই পক্ষের মধ্যে পুরোনো বিরোধ ছিল। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে দ্রুত গ্রেপ্তারে একাধিক দল গঠন করে অভিযান চালানো হচ্ছে।’
তিনি জানান, প্রধান অভিযুক্তের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার ইতিহাস রয়েছে।
স্থানীয় পর্যায়ে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা থেকে ঘটা এই হত্যাকাণ্ড পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, যা রাজ্যের রাজনৈতিক অঙ্গনেও নানা চর্চার জন্ম দিচ্ছে।
সূত্র: এনডিটিভি
মতামত দিন