নারীদের খাটো করে দেখানোর চেষ্টা করছে একটি রাজনৈতিক মহল: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারীদের ঘরে আটকে রাখা এবং তাদের খাটো করে দেখানোর চেষ্টা করছে একটি রাজনৈতিক মহল।
সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে এমন একটি রাজনৈতিক মহল রয়েছে যারা নারীদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় এবং তাদের ঘরে আটকে রাখার মানসিকতা পোষণ করে। তিনি বলেন, অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কোনো দেশই উন্নতির পথে এগোতে পারে না।
মির্জা ফখরুল আরও বলেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় জনগণের কল্যাণে কাজ করার জন্য বিএনপি একটি ম্যান্ডেট পেয়েছে। তিনি উল্লেখ করেন, দলের নির্বাচনি অঙ্গীকারেও নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, তারেক রহমান দেশের বিভিন্ন খাতে পরিবর্তনের যে পরিকল্পনার কথা বলেছেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা ও দুর্বল অর্থনীতি নিয়ে দায়িত্ব গ্রহণ করা হলেও অচিরেই পরিস্থিতি ইতিবাচকভাবে ঘুরে দাঁড়াবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকায় এলজিইডি বাস্তবায়িত প্রকল্পের সঙ্গে যুক্ত নয়জন আত্মনির্ভরশীল নারীকে সম্মাননা প্রদান করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে