আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে অনন্য সব রেকর্ডের সাক্ষী হলো ফুটবল বিশ্ব
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে জর্ডানকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউট পর্বে পা রাখল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে এই ম্যাচটি শুধু জয়ের আনন্দ নয়, রেকর্ডের পর রেকর্ড গড়ার এক অবিশ্বাস্য সন্ধ্যায় পরিণত হয়েছে।
মেসির রেকর্ডের মিছিল
এই ম্যাচে গোল করে বিশ্বকাপের ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়েছেন মেসি- যা আগে কোনো ফুটবলার করতে পারেননি। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ১৯, যা তাকে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আরও এগিয়ে দিয়েছে। এবারের বিশ্বকাপের গ্রুপপর্বেই মেসি করেছেন ছয় গোল। এক আসরের গ্রুপপর্বে ছয় গোল করা মাত্র পঞ্চম ফুটবলার তিনি এবং ১৯৯৪ সালে রাশিয়ার ওলেগ সেলেঙ্কোর পর এই কীর্তি গড়া প্রথম খেলোয়াড়।
ফ্রি-কিকেও অসাধারণ দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি। গত ৬০ বছরে বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিক থেকে দুটি গোল করা ষষ্ঠ খেলোয়াড় এখন মেসি। বিশ্বকাপে পেনাল্টি বক্সের বাইরে থেকে তার গোলসংখ্যা পৌঁছেছে ছয়ে, যা ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোকে ছাড়িয়ে গত ছয় দশকে বক্সের বাইরে থেকে সর্বাধিক গোলের রেকর্ড।
দলগত সাফল্য ও ইতিহাস
শুধু মেসি নন, দল হিসেবেও ইতিহাস লিখেছে আর্জেন্টিনা। গত ৬০ বছরে এক ম্যাচে একাধিক সরাসরি ফ্রি-কিক গোল করা মাত্র চতুর্থ দল তারা। এর আগে ১৯৬৬-তে ব্রাজিল, ১৯৭৪-এ যুগোস্লাভিয়া এবং ২০১০-এ জাপান এই কীর্তি অর্জন করেছিল।
গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপে পঞ্চমবারের মতো এই কৃতিত্ব অর্জন করল আর্জেন্টিনা। আগে ১৯৩০, ১৯৯৮, ২০১০ ও ২০১৪ সালে এমন সূচনা হয়েছিল। তবে সেবারগুলোয় শিরোপা আসেনি। এবার সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্নই দেখছেন কোটি সমর্থক। ২০২২ বিশ্বকাপ থেকে শুরু করে বিশ্বকাপে এখন টানা নয় ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা।
দলের অন্যদের ব্যক্তিগত অবদান
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গোলের দেখা পেয়েছেন লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপে নবম ম্যাচে ও ১৭তম শটে প্রথম গোল করে আর্জেন্টিনার জার্সিতে তার গোলসংখ্যা পৌঁছেছে ৩৮-এ, যা তাকে দেশের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।
মাঝমাঠে অনন্য ছিলেন লিয়ান্দ্রো পারেদেস। এই ম্যাচে তিনি ১৫৪টি সফল পাস সম্পন্ন করেছেন -গত ৬০ বছরে বিশ্বকাপের এক ম্যাচে কোনো আর্জেন্টাইনের জন্য এটি সর্বোচ্চ পাসের রেকর্ড এবং যেকোনো খেলোয়াড়ের হিসাবে ষষ্ঠ সর্বোচ্চ।
রেকর্ড, জয় আর ইতিহাস- সব মিলিয়ে এটি ছিল আর্জেন্টিনার জন্য এক স্মরণীয় রাত। নকআউট পর্বে এই দুর্দান্ত ছন্দ ধরে রেখে শেষ পর্যন্ত শিরোপার স্বপ্ন পূরণ করতে পারবে কি আলবিসেলেস্তেরা- সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
মতামত দিন