Views Bangladesh Logo

স্পেনকে বরণে প্রস্তুত মাদ্রিদ, সমবেত হতে পারেন ১০ লাখ মানুষ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপজয়ী স্পেন জাতীয় ফুটবল দলকে স্বাগত জানাতে সোমবার রাজধানী মাদ্রিদের রাস্তায় প্রায় ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার বিশ্বকাপের ফাইনালে ১০ জনের আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপার সঙ্গে বিশ্বকাপও জিতে নেয় স্পেন।

স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১০:৫০) দলের মাদ্রিদ বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সেখান থেকে খেলোয়াড়রা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারি বাসভবন মোনক্লোয়া প্রাসাদের কাছাকাছি এলাকা থেকে যাত্রা শুরু করে রাজধানীর ঐতিহাসিক সিবেলেস স্কয়ার পর্যন্ত বিজয় শোভাযাত্রায় অংশ নেবেন।

স্পেনের কেন্দ্রীয় সরকারের মাদ্রিদ অঞ্চলের প্রতিনিধি ফ্রান্সিসকো মার্তিন স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, সিবেলেস স্কয়ারে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। জাতীয় দলের সাফল্য উদযাপনের জন্য এই স্থানটি দীর্ঘদিন ধরেই স্প্যানিশ সমর্থকদের ঐতিহ্যবাহী মিলনকেন্দ্র।

তিনি জানান, বিজয় শোভাযাত্রার পুরো পথে প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। এ কারণে অতিরিক্ত নিরাপত্তা ও গণপরিবহন ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তায় মোতায়েন থাকবেন মোট ২ হাজার ৫০ জন পুলিশ সদস্য এবং ৪০০ জন সিভিল গার্ড সদস্য।

ফাইনালে জয়ের পর থেকেই মাদ্রিদে উৎসবের আমেজ শুরু হয়েছে। শহরের বিভিন্ন বার ও তিনটি নির্ধারিত ফ্যান জোনে খেলা উপভোগ করা হাজারো সমর্থক বিজয়ের পর রাস্তায় নেমে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের পরও রাজধানী মাদ্রিদে লাখো সমর্থক স্পেন দলকে বীরোচিত সংবর্ধনা জানিয়েছিলেন। এবারও সেই ঐতিহাসিক উদযাপনের পুনরাবৃত্তির অপেক্ষায় স্পেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ