Views Bangladesh Logo

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর ৯৯৫টি আফটারশক, মৃত্যু বেড়ে ৩৩৪২

উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। কম্পনে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি পুরোপুরি ধসে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। তবে এখনও গৃহহীন অবস্থায় রয়েছেন ১৭ হাজার ৩৪৫ জন।

ত্রাণ ও উদ্ধারকাজের বিবরণ দিয়ে বিবৃতিতে বলা হয়, ভূমিকম্প কবলিত এলাকায় ৪,০৮৮ জন উদ্ধারকর্মী কাজ করছেন। এছাড়া দেশটির রাজধানী কারাকাস থেকে ২৯,৫৬৭ জন কর্মী এবং ২৭,৪৮২ জন স্বেচ্ছাসেবী ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত দুর্গত এলাকায় ৯,৫৮৫ মেট্রিক টন খাদ্য ও প্রায় ৬ লাখ ৬৯ হাজার লিটার পানি বিতরণ করা হয়েছে। চিকিৎসার আওতায় আনা হয়েছে ২৩,৮২০ জন রোগীকে। এছাড়া আশ্রয়হীনদের জন্য ৭৯টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ