দেশে ব্যবহৃত আইফোনের ৯৯ শতাংশই এসেছে অবৈধ পথে
দেশের চার মোবাইল ফোন অপারেটরের নেটওয়ার্কে আইফোন সচল রয়েছে ১৯ লাখ ৭৬ হাজার। এরমধ্যে ১৯ লাখ ৫৫ হাজারই অবৈধ।
অবৈধ এসব ফোন বিটিআরসি'র ‘নক অটোমেশন অ্যান্ড আইএমইআই ডেটাবেইজ (এনএআইডি)’ সিস্টেমে দেশের বৈধ আমদানিকারক থেকে বা বৈধ পথে আসা হিসেবে নিবন্ধিত নয়।
মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি) সভাপতি জাকারিয়া শাহিদ বলেন, দামি ক্যাটাগরির এসব ফোন অবৈধভাবে আসার কারণে সরকার বিপুল রাজস্ব হতে বঞ্চিত হয়েছে। বিটিআরসি এসব ফোনকে সহজেই সনাক্ত করতে পারে। এরপর এনবিআর এসব হ্যান্ডসেট ব্যবহারকারীদের কাছে রাজস্ব চেয়ে নোটিস করে দিতে পারে।
এমআইওবি’র সহ-সভাপতি ও ইস্মার্টু টেকনোলজির সিইও রেজওয়ানুল হক বলেন, শুধু এক আইফোন দিয়েই সরকার ১০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব হারাচ্ছে। যা দেশের মোট মোবাইল শিল্পখাতের এক বছরের টার্নওভারের সমান।
সরকারকে এখনই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা।
দেশে বৈধ পথে আইফোন আমদানিকারকদের মধ্যে রয়েছে সেলেক্সট্রা লিমিটেড। প্রতিষ্ঠানটি আইফোন এনে তা বিক্রি করতে না পেরে এখন আমদানিই বন্ধ করে দিয়েছে।
এ প্রসঙ্গে সেলেক্সট্রার সহ-প্রতিষ্ঠাতা ও ভাইস-চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, “১শ’ আইফোন আমদানি করে দুটিই বিক্রি করতে পারি না। ৬০ শতাংশ শুল্ককর দিয়ে বৈধ পথে আনা একটি আইফোনের সঙ্গে অবৈধ পথে আনা আইফোনের দামের পার্থক্য থাকে ৬০ হতে ৭০ হাজার টাকা।”
“যেমন বৈধ পথে আমদানি করা আইফোন ১৫প্রো ম্যাক্স ২৫৬ জিবির দাম ২ লাখ ৪০ হাজার টাকার মতো। অথচ অবৈধ পথে আসা এই ফোনটি বিক্রি হচ্ছে ১ লাখ ৪৮ হাজার হতে ৫০ হাজার টাকায়। যেহেতু অবৈধ পথে আসা ফোন এখানে ব্যবহারে কোনো সমস্যা হচ্ছে না তাহলে কে বৈধ পথে আসা এতো টাকা বেশি দিতে কে কিনবে ?” বলেন এই ব্যবসায়ী।
রিয়াজুল ইসলাম মনে করেন, এসব অবৈধ হ্যান্ডসেট রোধে যদি এনবিআর, কাস্টমস ও আইশৃনঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সক্রিয় হয় তাহলেও সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হবে না।
কোন মোবাইল ফোন অপারেটরে কত আইফোন সক্রিয়
গ্রাহক সংখ্যায় দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে চলছে ১০ লাখ আইফোন। রবিতে এই সংখ্যা ৬ লাখ ৪৬ হাজার। বাংলালিংকে ৩ লাখ ১০ হাজার আর টেলিটকে ২০ হাজার আইফোন সক্রিয় রয়েছে।সবমিলে এই ১৯ লাখ ৭৬ হাজার আইফোনের মধ্যে মাত্র ২০ হাজার বৈধ হিসেবে নিবন্ধিত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে