Views Bangladesh Logo

হিমালয়ে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৯৩ হাজার মানুষ

হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৬২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে তিব্বতের পাঁচজন রয়েছেন। এ ঘটনায় স্থানীয় ও বিদেশি নাগরিক মিলিয়ে সহস্রাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিগুলোর ফেডারেশনের (আইএফআরসি) হিসাবে, দুর্যোগে অন্তত ৯৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে নতুন করে বন্যার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন ত্রাণ কর্মকর্তারা।

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে আইএফআরসির প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার বলেন, তাদের ধারণা, অন্তত ৯৩ হাজার মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ব্যাপক সহায়তা প্রয়োজন। তবে দ্বিতীয় দফার বন্যার আশঙ্কা নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন।

রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা গেছে, ভূমিধসের কারণে সৃষ্ট একটি হ্রদের বাঁধ ভেঙে পানি উপচে পড়ায় ত্রাণবাহী কয়েকটি ট্রাক আটকা পড়ে। এতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়।

জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস দপ্তরের প্রধান কমল কিশোরও নতুন দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, এক অর্থে দুর্যোগ এখনো পুরোপুরি শেষ হয়নি। কোনো কোনো দিক থেকে পরিস্থিতি এখনো চলমান রয়েছে।

একই সংবাদ ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসারেভিচ জানান, ভূমিধসে ছয়টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আটজন স্বাস্থ্যকর্মী নিখোঁজ রয়েছেন।

দুর্যোগের কারণে নেপাল ও তিব্বতের বিভিন্ন এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে নতুন করে বন্যার আশঙ্কা থাকায় উদ্ধারকারী ও ত্রাণকর্মীদের কাজ আরও কঠিন হয়ে উঠেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ