Views Bangladesh Logo

৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপ ইতিহাসে মিশরের প্রথম জয়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ ৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো জয় তুলে নিয়েছে মিশর। মোহাম্মদ সালাহ, মোহাম্মদ জিকো ও ত্রেজেগের গোলের সৌজন্যে নিউজিল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করেছে আফ্রিকার দেশটি।

সোমবার (২২ জুন) কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় নিশ্চিত করে মিশর। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নিউজিল্যান্ড। তারই ধারাবাহিকতায় ১৫ মিনিটে কর্নার থেকে ফিন সারম্যানের হেডে এগিয়ে যায় কিউইরা। মাইকেল পেইনের নিখুঁত কর্নার কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন সারম্যান। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় নিউজিল্যান্ড।

তবে বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। ৫৮ মিনিটে মোহামেদ হানির চমৎকার ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান মোহাম্মদ জিকো। গোলটি মিশরকে নতুন করে আত্মবিশ্বাস জোগায়। এর মাত্র ৯ মিনিট পরই দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ নিজের নাম লেখান স্কোরশিটে। জিকোর সঙ্গে দারুণ এক-দুই পাস খেলে বক্সের ভেতরে সুযোগ তৈরি করে নিচের কোণে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিশর।

ম্যাচের ৮২ মিনিটে জয়ের শেষ পেরেক ঠুকে দেন বদলি হিসেবে নামা ডেভিড ত্রেজেগে। সালাহর তৈরি করা আক্রমণ থেকে ডান দিকের ক্রসে হেড করে গোল করেন তিনি। মাঠে নামার পর মাত্র তৃতীয় স্পর্শেই গোল করে দলের জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড। বাকি সময়ে ব্যবধান কমানোর চেষ্টা চালালেও আর গোলের দেখা পায়নি নিউজিল্যান্ড। ফলে ৩-১ ব্যবধানের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে মিশর।

বিশ্বকাপের প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মিশর। দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ পর্বে তাদের অবস্থান আরও শক্তিশালী হলো। অন্যদিকে, ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর এবার প্রথম পরাজয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড। ‘জি’ গ্রুপে মিশরের পরবর্তী ম্যাচ আগামী ২৭ জুন ইরানের বিপক্ষে। একই দিনে বেলজিয়ামের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ