Views Bangladesh Logo

২৭ বছর পর ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ খালিদের বিচার শুরু হচ্ছে

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত খালিদ শেখ মোহাম্মদের বিচার শুরু হতে যাচ্ছে ২৭ বছর পর। যুক্তরাষ্ট্রের একটি সামরিক আদালত আগামী ২০২৮ সালের ৫ জানুয়ারি তার বিচারিক কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণ করেছেন।

বুধবার এক লিখিত আদেশে এ তথ্য জানিয়েছেন সামরিক আদালতের বিচারক লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এ. স্ক্রামা। এর আগে ২০২৭ সালের ১ জানুয়ারি বিচার শুরুর পরিকল্পনা থাকলেও বিচারে কোন কোন সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা যাবে, তা নিয়ে মতবিরোধসহ বিভিন্ন বিচার-পূর্ব বিরোধ নিষ্পত্তির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন বলে জানান বিচারক।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। আল-কায়েদার ১৯ সদস্য চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায়। এতে হামলাকারীসহ মোট ২ হাজার ৯৭৭ জন নিহত হন।

খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ, বিমান ছিনতাই থেকে শুরু করে টুইন টাওয়ার ও পেন্টাগনে হামলার প্রধান পরিকল্পনাকারী ও নির্দেশক ছিলেন তিনি। তার সহযোগী হিসেবে ওয়ালিদ বিন আত্তাশ, আলী আবদুল আজিজ আলী ও মুস্তফা আল হাওসাউইয়ের নাম রয়েছে। এই তিনজনের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের পৃথক একটি সামরিক আদালতে বিচার চলছে।

খালিদের বিচার শুরুর তারিখ এর আগেও নির্ধারণ করা হয়েছিল। ২০২১ সালেও তার বিচার শুরুর সময় নির্ধারণ করেছিল আদালত। ফলে ২০২৮ সালের ৫ জানুয়ারি সত্যিই বিচার শুরু হবে কি না, তা নিয়েও পুরোপুরি নিশ্চয়তা নেই।

খালিদ শেখ মোহাম্মদ ও তার তিন সহযোগীকে বর্তমানে কিউবার গুয়ান্তানামো উপসাগরে অবস্থিত মার্কিন ঘাঁটির বন্দিশালায় রাখা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ