Views Bangladesh Logo

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন নিহত হয়েছেন। আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সৌদি গেজেটের বরাত দিয়ে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাটি ঘটে আল-আহসা প্রশাসনিক অঞ্চলে। নিহত পরিবারের সাত সদস্য একটি গাড়িতে ভ্রমণ করছিলেন। তারা হলেন—বাবা, মা, তাঁদের তিন ছেলে ও দুই মেয়ে। অন্যদিকে, অপর গাড়িটিতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারান।

প্রদেশটির ট্র্যাফিক বিভাগ জানিয়েছে, খবর পেয়ে তাদের প্রতিনিধি দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে তদন্ত পরিচালনা করে। তদন্ত অনুযায়ী, হঠাৎ এক গাড়ির অনাকাঙ্ক্ষিত বাঁক নেওয়াকে এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে কর্তৃপক্ষ।

সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই দুমড়েমুচড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আরোহীরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতরে আটকা পড়াদের উদ্ধারে কাজ শুরু করে। তবে দুর্ঘটনার কবলে পড়া সব ব্যক্তিই মারা যান।

উল্লেখ্য, আল-উকাইর-আল-উয়ুন সড়কটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কম, যা আল-আহসা প্রশাসনিক অঞ্চলের বিভিন্ন এলাকাকে উপকূলীয় অঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ