Views Bangladesh Logo

নয়াদিল্লিতে আবাসিক ভবনে আগুন, নিহত ৯

ভারতের নয়াদিল্লির বিবেক বিহার এলাকার একটি চারতলা আবাসিক ভবনে এসি বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সরকারি কর্মকর্তারা।


​প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, চারতলা ওই ভবনের ওপরের তলার একটি ঘরে এসি বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। ফায়ার ফাইটারদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে।


​এ বিষয়ে শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, ভবনের দ্বিতীয় তলায় আগুনের তীব্রতা সবচেয়ে বেশি ছিল এবং সেখান থেকেই অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়েছে।


​পুলিশ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নয়জন প্রাণ হারিয়েছেন। ডিডিএমএ কর্মী এবং স্থানীয় পুলিশের সহায়তায় দুর্ঘটনাকবলিত ভবনটি থেকে অন্তত ২০ জনকে উদ্ধার করা হয়েছে।


​উদ্ধারকৃতদের মধ্যে দুইজনকে সামান্য আহত অবস্থায় গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মধ্যে অনেকেই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এবং তাদেরকেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।


​এ ব্যাপারে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর পঙ্কজ লুথরা সংবাদমাধ্যম এএনআই-কে বলেন, “ভবনের দ্বিতীয় তলার পেছনের অংশ থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পেছনের অন্য একটি অংশ থেকে একটি এবং ওপরের তলা থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়। আগুনের তীব্রতায় মৃতদেহগুলো এতটাই দগ্ধ হয়েছে যে, বর্তমানে সেগুলো শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে।”


​দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ