পাকিস্তানে বাজারে বোমা বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৯
উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি বাজারে ভয়াবহ বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা ও সাত বেসামরিক নাগরিকসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার আফগানিস্তান সীমান্তবর্তী বানিউ জেলার সরাই নওরং বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। গত চার দিনের মধ্যে এই অঞ্চলে এটি দ্বিতীয় বড় ধরনের প্রাণঘাতী হামলা।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট সায়ীদ খান জানান, বিস্ফোরণে আহত কয়েক ডজন মানুষকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহতদের বানিউ’র বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
টিএইচকিউ হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট মোহাম্মদ ইসহাক জানিয়েছেন, এখন পর্যন্ত তাদের হাসপাতালে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত ফুটেজে দেখা যায়, শক্তিশালী বিস্ফোরণে বাজারের বেশ কিছু দোকানের সামনের অংশ বিধ্বস্ত হয়ে গেছে এবং একটি যানবাহন দুমড়ে-মুচড়ে গেছে। উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, বিস্ফোরণের পরপরই অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি উদ্ধারকাজে অংশ নেয়।
এই ঘটনার তিন দিন আগেও গত শনিবার একই অঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে গাড়ি বোমা হামলা ও ওত পেতে থাকা সন্ত্রাসীদের আক্রমণে ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। পাকিস্তান এই হামলার জন্য আফগানিস্তানে অবস্থানরত জঙ্গিদের দায়ী করে কাবুলের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তবে তালেবান সরকার সোমবার এক বিবৃতিতে জানায় যে, এই বিষয়ে তাদের তাৎক্ষণিক কোনো মন্তব্য নেই।
সূত্র: আল আরাবিয়া

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে