গাজায় একদিনে নিহত ৮৯, মোট মৃত্যু ছাড়াল ৫৯ হাজার
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত শুক্রবার একদিনেই সেখানে নিহত হয়েছেন অন্তত ৮৯ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৬৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পরপরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজা নিয়ন্ত্রণকারী এই সশস্ত্র গোষ্ঠীর হামলায় সেদিন ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হন। এরপর থেকেই টানা অভিযানে লিপ্ত রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সেখানে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৭৬ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনি।
চলমান এই সংঘাতে চলতি বছরের ১৮ মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার অভিযানে নিহতের সংখ্যা ইতোমধ্যে ৮ হাজার ৫২৭ জনে পৌঁছেছে। আহত হয়েছেন প্রায় ৩১ হাজার ৯৩৪ জন।
এদিকে ধারণা করা হচ্ছে, হামাসের হাতে এখনও অন্তত ৩৫ জন জিম্মি জীবিত আছেন। তাদের উদ্ধারে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আইডিএফ।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে বারবার সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন— হামাসকে সম্পূর্ণ নিঃশেষ না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে। ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতেও মামলা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে