স্বাধীন স্থানীয় সরকার কমিশনের পক্ষে সমর্থন ৮৪% মানুষের
দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন আইন প্রণয়নের মাধ্যমে একটি স্বাধীন ও শক্তিশালী স্থানীয় সরকার কমিশন গঠনের প্রস্তাবে ৮৪ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন। এ তথ্য এক জরিপে উঠে এসেছে।
জরিপে আরও দেখা গেছে, ৭১ শতাংশ উত্তরদাতা মনে করেন স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করা উচিত নয়, যেখানে ২৪ শতাংশের মত, দলীয় প্রতীকের পক্ষে।
স্থানীয় সরকার সংস্কার কমিশনের নির্দেশে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫ সালের জানুয়ারিতে এ জরিপটি পরিচালনা করে। জরিপে দেশের ৬৪টি জেলার শহর ও গ্রামীণ এলাকার ৪৬,০৮০টি পরিবারের মতামত নেওয়া হয়।
জরিপের ফলাফল স্থানীয় সরকার সংস্কার কমিশনের একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ সংস্থা বাসসকে জানিয়েছেন, গত বুধবার এই প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়।
জরিপে অংশগ্রহণকারীদের ৯৭ শতাংশ মনে করেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা দরকার। এর মধ্যে ৩৮ শতাংশ বলেছেন এসএসসি, ৩০ শতাংশ বলেছেন এইচএসসি এবং ২৫ শতাংশের মতে স্নাতক হওয়া উচিত ন্যূনতম মানদণ্ড।
বর্তমানে স্থানীয় সরকার পরিচালনার জন্য পাঁচটি আইন এবং ১০০টির বেশি বিজ্ঞপ্তি ও সরকারি আদেশ রয়েছে। এ বিষয়ে ৭৭ শতাংশ মানুষের মত, স্থানীয় সরকার পরিচালনায় একটি একীভূত ও সুসংগঠিত আইন প্রয়োজন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে