Views Bangladesh Logo

লেবাননে এক সপ্তাহে ৮৩ শিশু নিহত: জাতিসংঘ

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৮৩ শিশু নিহত এবং ২৫৪ শিশু আহত হয়েছে। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শিশু নিহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। খবর আল-জাজিরার।

সোমবার (৯ মার্চ) ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত এক সপ্তাহে লেবাননজুড়ে প্রতিদিন গড়ে ১০ জনের বেশি শিশু নিহত হয়েছে এবং প্রায় ৩৬ জন শিশু প্রতিদিন আহত হয়েছে।

ইউনিসেফ আরও জানিয়েছে, গত ২৮ মাসে লেবাননে অন্তত ৩২৯ শিশু নিহত এবং ১,৬৩২ শিশু আহত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে।

সংস্থাটি বলেছে, এই পরিসংখ্যান অত্যন্ত ভয়াবহ এবং এটি শিশুদের ওপর চলমান সংঘাতের মারাত্মক প্রভাবের স্পষ্ট প্রমাণ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, লেবাননজুড়ে ব্যাপক বাস্তুচ্যুতির ফলে ২ লাখ শিশুসহ প্রায় ৭ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এর ফলে আগের সংঘাতগুলোতে বাস্তুচ্যুত হওয়া হাজারো মানুষের সংখ্যাও আরও বেড়েছে।

ইউনিসেফ বেসামরিক মানুষ, স্কুল ও আশ্রয়কেন্দ্রগুলোকে সুরক্ষিত রাখতে সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় তাদের দায়বদ্ধতা পালনের তাগিদ দেওয়া হয়েছে।

বিবৃতির শেষে সংস্থাটি দ্রুত পরিস্থিতি শান্ত করার এবং শিশুদের আরও ক্ষতির হাত থেকে রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ