আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক
পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন -বিটিআরসি। আমরা টেকনোলজিসের কাছে বিটিআরসির এখন পাওনা ২২ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার টাকা। পাওনা পরিশোধ করতে না পারায় ব্যান্ডউইথ ব্লকের মতো পদক্ষেপে পড়েছে প্রতিষ্ঠানটি।
পাওনা না পেয়ে মাসখানেক আগে (১৪ ডিসেম্বর,২০২৩) বিটিআরসি তাদের এই ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে। এরপর এই পাওনা পরিশোধে আমরা টেকনোলজিস বিলম্ব ফি ছাড়া ৩৬ টি মাসিক কিস্তির সুযোগ চেয়ে ব্লক প্রত্যাহারের আবেদন করে।
বিটিআরসি চলতি সপ্তাহে চিঠি দিয়ে আমরা টেকনোলজিকে জানিয়েছে, ১০ কোটি টাকা ডাউন পেমেন্ট দিলে এই ব্লক প্রত্যাহারের সুযোগ দেয়া হবে। আর বাকি ১২ কোটি ৬৪ লাখ ৬৬হাজার টাকা ১৮টি কিস্তিতে পরিশোধ করতে হবে। এই কিস্তি প্রতি মাসের ২০ তারিখে দিতে হবে।
এছাড়া কিস্তির সঙ্গে বার্ষিক লাইসেন্স ফি এবং ২০২৩ সালের সর্বশেষ প্রান্তিক হতে রেভিনিউ শেয়ারিংও নিয়মিত পরিশোধ করতে হবে প্রতিষ্ঠানটিকে। বিলম্ব ফিও ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। আর কোনো কিস্তি, চলতি রেভিনিউ শেয়ারিং ও লাইসেন্স ফির টাকা যদি সময়মত না দিতে পারে তাহলে শতভাগ ব্যান্ডউইথ ব্লক করে দেয়া হবে।
এরআগে ২০২৩ সালের জুলাইয়ে পাওনা পরিশোধ করতে না পারায় আমরা টেকনোলজিসের ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করা হয়। তখন প্রতিষ্ঠানটির কাছে পাওনা ছিল ৩৩ কোটি ৯৪ লাখ টাকার মতো। এরপর সেই পাওনার ৫০ শতাংশ পরিশোধ করলে ক্যাপিং তুলে দেয়া হয় এবং তাদের আবদেনের প্রেক্ষিতে বাকি টাকা ২৪ টি কিস্তিতে শোধ দিতে বলে বিটিআরসি।
এ বিষয়ে বিটিআরসির কমিশনার (অর্থ, হিসাব ও রাজস্ব) ড. মুসফিক মান্নান চৌধুরী ভিউজ বাংলাদেশকে বলেন, ‘আমরা টেকনোলজিস সরকারি পাওনা পরিশোধে ব্যর্থ হয়েছে। বিপুল পরিমাণ পাওনা দীর্ঘদিন ধরে তারা পরিশোধ করছে না।তাদের আবেদন অনুযায়ী কিস্তি সুবিধাও দেয়া হয়েছে। শুরুতে একটি নির্দিষ্ট পরিমান অর্থ ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে আমরাকে, তখন ব্যান্ডউইথ ব্লক তুলে দেয়া হবে।’
ড. মুসফিক মান্নান চৌধুরী বলেন, ‘যদি এই ডাউন পেমেন্ট এবং কিস্তির টাকা দিতে না পারে তাহলে ১০০ ভাগ ব্যান্ডউইথ ব্লক করে দেয়া হবে।‘
প্রসঙ্গত, আমরা টেকনোলজিসের অন্যতম গ্রাহক দেশের টেলিকম অপারেটর গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে