Views Bangladesh Logo

মার্কিন রণতরি আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা

ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য দীর্ঘ সময় উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের স্ট্রাইক গ্রুপের আট নাবিক আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার মার্কিন সিনেটর কার্স্টেন জিলিব্র্যান্ডকে দেওয়া এক চিঠিতে কাও এ তথ্য জানান। উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন নাবিকদের জীবনযাত্রার মান নিয়ে জিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন।

চিঠিতে কাও বলেন, আব্রাহাম লিংকনের মোতায়েন শুরুর পর থেকে পুরো স্ট্রাইক গ্রুপে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। এর মধ্যে রণতরিটির ক্রু, ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের সদস্য, সঙ্গে থাকা ডেস্ট্রয়ার এবং জাহাজে থাকা সব এভিয়েশন স্কোয়াড্রনের নাবিকরা রয়েছেন।

কাওয়ের এই বক্তব্য নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

আব্রাহাম লিংকন টানা ২৮৬ দিন সমুদ্রে থাকার পর গত ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ায় নোঙর করে। মে মাসে জাহাজটির মোতায়েন শেষ হওয়ার কথা থাকলেও যুদ্ধ অব্যাহত থাকায় তা বাড়ানো হয়।

কাও জানান, গত মার্চে এক নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে সহকর্মীরা তাঁকে থামান। আগস্টে আরেক নাবিক জাহাজ থেকে সাগরে পড়ে যান। তাঁকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং পরে আরও চিকিৎসার জন্য জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে আগস্টে দুটি সামরিক সংবাদপত্র আব্রাহাম লিংকনের নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এসব প্রতিবেদনে জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টার কথাও উঠে আসে। পরে ডেমোক্র্যাটরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাহাজটির পরিস্থিতি তদন্তের দাবি জানান।

এদিকে, আগস্টে জাহাজটির গোসলখানায় ছত্রাকের উপস্থিতি এবং খাবার ও সাবানসহ প্রয়োজনীয় সামগ্রীর মজুত কমে যাওয়ার খবরও প্রকাশিত হয়। কাও জানান, একপর্যায়ে খাবারের মূল পদ বেছে নেওয়ার সুযোগ দুটি থেকে কমিয়ে একটি করা হয়েছিল। তবে প্রতিদিন চারবেলা পুষ্টিকর ও সুষম খাবার পরিবেশন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

প্রয়োজনীয় সামগ্রীর মজুত কমে যাওয়ার পর ক্রুদের জন্য সেগুলো পাঠাতেও কিছুটা বিলম্ব হয়েছিল বলে স্বীকার করেন কাও।

অন্যদিকে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এর আগে আব্রাহাম লিংকনের নাবিকদের পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদনকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেছিলেন, নাবিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কোনো ঘাটতি রাখা হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ