হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,৩২০
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২০ শিশু। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর কারও মৃত্যুর কারণ নিশ্চিতভাবে হাম হিসেবে শনাক্ত হয়নি। এ সময়ে নতুন করে ৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ২৩৯ শিশু। গত ২৪ ঘণ্টায় এসব রোগীর মধ্যে ১ হাজার ১৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৪। এ ছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গজনিত অসুস্থতায় মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৪।
এই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ১৯৮। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ২৮২ শিশুর। মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ তথ্যের ভিত্তিতেই এসব পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
মতামত দিন