হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৮
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৭০ শিশু। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ৭২৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৪৯ শিশু। ফলে হাসপাতালগুলোতে হাম ও সন্দেহজনক হাম রোগীর চাপ এখনো অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮০০ শিশুর। এছাড়া মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। তবে প্রতিদিন নতুন করে রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং হামের উপসর্গে মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় শিশুদের নিয়ে উদ্বেগ কাটেনি।
মতামত দিন