Views Bangladesh Logo

মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় প্রবেশের চেষ্টার অভিযোগে আট বাংলাদেশিসহ মোট ১৬ জনকে আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। দেশটির রিয়াউ প্রদেশের ডুমাই শহরের পশ্চিম ডুমাই এলাকার পুর্নামা সৈকত থেকে তাদের আটক করা হয়।

ইন্দোনেশিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ আগস্ট গোপন সূত্রে নৌবাহিনী জানতে পারে, মালয়েশিয়া থেকে অবৈধ অভিবাসী ও বিদেশি নাগরিকদের নিয়ে একটি স্পিডবোট ডুমাই উপকূলের দিকে আসছে। এরপর পুর্নামা সৈকত ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়।

পরদিন ভোরে দুটি দুইশ হর্সপাওয়ার ইঞ্জিনচালিত একটি দ্রুতগামী স্পিডবোট সৈকতে পৌঁছালে অভিযান চালায় নৌবাহিনী। নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে বোটের যাত্রী ও মাঝি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

প্রথমে তিন ইন্দোনেশীয় নাগরিককে আটক করা হয়। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আট বাংলাদেশি ও আরও পাঁচ ইন্দোনেশীয় নাগরিককে আটক করা হয়। তবে স্পিডবোটের মাঝি পালিয়ে যেতে সক্ষম হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, মালয়েশিয়া থেকে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় পৌঁছাতে জনপ্রতি ৬৫ লাখ থেকে ৯৫ লাখ ইন্দোনেশীয় রুপিয়া খরচ হয়েছে। তাদের কাছ থেকে স্পিডবোট, পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও নিবন্ধনের জন্য ডুমাই ইমিগ্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ