Views Bangladesh Logo

রাজধানীতে অপহৃত ৭ বছরের শিশু উদ্ধার, নারী গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে অপহৃত সাত বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় যুথী আক্তার (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

কাফরুল থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব শেওড়াপাড়া এলাকায় খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। দীর্ঘ সময়েও বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডির সূত্র ধরে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। ফুটেজে কালো পোশাক পরা এক নারীকে শিশুটির হাত ধরে জোর করে নিয়ে যেতে দেখা যায়। পরে শিশুটির মা কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত নারীর অবস্থান শনাক্ত করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে যুথী আক্তারকে গ্রেফতার করা হয়। একই অভিযানে শিশুটিকেও উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ