Views Bangladesh Logo

ঈদে টানা ৭ দিনের ছুটি নিয়ে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দীর্ঘ ছুটির বার্তা নিয়ে এসেছে সরকার। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে নতুন করে আরও একদিনের সাধারণ ছুটি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এবার টানা সাত দিনের দীর্ঘ অবকাশ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

গত বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আজ শুক্রবার (৬ মার্চ) এই খবরের সত্যতা নিশ্চিত করে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় জনগণের ঈদযাত্রা ভোগান্তিমুক্ত ও আরামদায়ক করতেই এই বাড়তি ছুটির পরিকল্পনা করা হয়েছে। যদিও এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন এখনো জারি হয়নি, তবে দ্রুতই তা সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট বিভাগ।

নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী ১৭ মার্চ থেকে শুরু করে ২৩ মার্চ পর্যন্ত একটানা সাত দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মজীবীরা।

পূর্ববর্তী ক্যালেন্ডার অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৫ দিনের ছুটি প্রায় নিশ্চিত ছিল। এখন ১৮ মার্চ সাধারণ ছুটি যুক্ত হওয়ায় ছুটি শুরু হবে ১৭ মার্চ থেকে অর্থাৎ টানা এক সপ্তাহ দেশের সকল সরকারি দপ্তর ও কার্যক্রম বন্ধ থাকছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকার রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার হিসাব ধরে এবারের ছুটির সূচি সাজিয়েছে। যদি রমজান ৩০ দিন পূর্ণ হয়, তবে ২১ মার্চ ঈদ পালিত হবে। সেই অনুযায়ী ২১ মার্চ মূল ঈদের ছুটি এবং তার আগে-পরে নির্বাহী আদেশে দুই দিন করে মোট চার দিন ছুটি থাকবে। এর সাথে নতুন যোগ হওয়া একদিন এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দীর্ঘ বিরতি তৈরি হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ