যুক্তরাজ্যে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাবে ৭৫ এমপির স্বাক্ষর
গাজা, পশ্চিম তীর ও লেবাননে ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে যুক্তরাজ্যের পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেছেন লেবার পার্টির এমপি রিচার্ড বারগন।
বারগনের দাবি, প্রস্তাবটিতে ইতিমধ্যেই বিভিন্ন দলের ৭৫ জন এমপি স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) এমপি ব্রেন্ডান ও হারা, সাবেক লেবার নেতা জেরেমি করবিন এবং একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি লায়লা মোরান।
উত্থাপিত প্রস্তাবে পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও সংযুক্তকরণের তীব্র নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। বারগন আশা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহগুলোতে আরও অনেক এমপি এই প্রস্তাবে সমর্থন দেবেন।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। এই পরিকল্পনাকে ‘বেআইনি দখল’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানানো হয়েছে। এ ছাড়াও ৮৫টি জাতিসংঘ সদস্য রাষ্ট্রের সমর্থিত বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে যুক্তরাজ্যও অংশ নিয়েছে এবং এই দখলকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে।
এতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) জুলাই ২০২৪-এর পরামর্শমূলক মতামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, ইসরায়েলের এই দখলদারিত্ব অবৈধ এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। একইসঙ্গে কোনো রাষ্ট্র যেন এই দখলদারিত্ব টিকিয়ে রাখতে সহায়তা না করে, সেই আহ্বানও জানানো হয়েছে।
প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, যুক্তরাজ্য সরকার ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করলেও ইসরায়েলের যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে তেমন কোনো পদক্ষেপ নেয়নি।
এমপি বারগনের এই প্রস্তাবে ব্রিটিশ সরকারকে অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিষিদ্ধ করা, দখলদারিত্বে জড়িতদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের মতো পদক্ষেপ নেওয়া, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্থগিত করা এবং অবিলম্বে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে