Views Bangladesh Logo

হাম আক্রান্তদের ৭৪ শতাংশই টিকা পাননি: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে হাম আক্রান্ত শিশুদের মধ্যে বড় একটি অংশই টিকাবিহীন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্তদের ৭৪ শতাংশ কোনো টিকাই পাননি। ১৪ শতাংশ শিশু প্রথম ডোজ এবং ১২ শতাংশ দুই ডোজ টিকা নেওয়ার পরও সংক্রমিত হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার (ইমিউনাইজেশন) ডা. রিয়াদ মাহমুদ।

তিনি বলেন, গত ৫ এপ্রিল থেকে দেশের ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হয়। ইতোমধ্যে তিন সপ্তাহে এসব এলাকায় নতুন করে হামের রোগী শনাক্তের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে ধারণা করা হচ্ছে, মে মাসের শেষ নাগাদ সংক্রমণ পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসতে পারে।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে হামে শিশুমৃত্যুর কারণ বিশ্লেষণে কিছু সীমাবদ্ধতা রয়েছে। পাশাপাশি রোগ শনাক্তে পরীক্ষার জটিলতার কারণে সময় লাগছে।

তিনি আরও জানান, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টিকা আগামী মাসের শুরুতেই দেশে পৌঁছাবে। বর্তমানে দেশের সব হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা চালু রয়েছে। ফলে আক্রান্ত রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে না। পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান এবং অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ