৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া
মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে কম্পনটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহর রাজধানী কোটা কিনাবলু থেকে ১০০ কিলোমিটারেরও কম উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৬১৯.৮ কিলোমিটার।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির গভীরতা বেশি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের আশঙ্কা তুলনামূলকভাবে কম। এদিকে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি। গভীর সমুদ্রতলে কম্পন হওয়ায় সুনামির ঝুঁকি নেই বলেও জানানো হয়েছে।
অন্যদিকে মালয়েশিয়া আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৬.৮ হিসেবে রেকর্ড করেছে। সংস্থাটি জানায়, সাবাহর পশ্চিম উপকূল ছাড়াও সারাওয়াক রাজ্যের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
মতামত দিন